পাকিস্তানের চেতনা বাস্তবায়নের জন্য জিয়াউর রহমান কাজ করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। শুক্রবার বিকাল ৩টার দিকে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘জিয়াউর রহমান যে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না সেটার পক্ষে অজস্র প্রমাণ রয়েছে। তিনি দালাল আইন বাতিল করে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন সাড়ে ১১ হাজার রাজাকার-আলবদরদের মুক্ত করেছিলেন।’
বিএনপি তার দলের নেতাকে মিথ্যাচারের আশ্রয় নিয়ে স্বাধীনতা পদক দিয়েছিলো অভিযোগ করে হানিফ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সমপর্যায়ে জিয়াউর রহমানকে আনার জন্য বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন তাকে স্বাধীনতা পদক দিয়েছিল। জিয়াকে স্বাধীনতা পদক দেওয়া ভুল ছিলো, বর্তমান সরকার সেই ভুলটা সংশোধন করেছে।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজাল আলী খান প্রমুখ।
/এমও/







