খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনে রবিবার বিকালে দস্যুদের সঙ্গে র্যাব-৬ এর কথিত ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এ সময় র্যাব সদস্যরা সেখান থেকে এক দস্যুকে গ্রেফতার ও ৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ধারালো অস্ত্র উদ্ধার করে। একই সঙ্গে দস্যুদের হাতে জিম্মি হওয়া অপহৃত ৬ জেলেকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দস্যু মো. শাজহান মোল্লা দাকোপ উপজেলার কালাবগি এলাকার মৃত কাউসার মোল্লার ছেলে। তিনি দস্যু সাগর বাহিনীর সক্রিয় সদস্য।
র্যাব ৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, সুন্দরবনে বিশেষ অভিযানকালে রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে দাকোপ উপজেলার ভদ্রা নদী সংলগ্ন সুন্দরবনের মনসা খালের ছোট শাখার মোহনায় দক্ষিণ-পশ্চিম পাড়ে দস্যুদের সঙ্গে গুলিবিনিময় হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি করতে শুরু করে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ অবস্থায় জিম্মি জেলেদের ২টি নৌকা মাঝখানে রেখে দস্যুরা জেলেদেরকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। বন্দি জেলেরা চিৎকার শুরু করলে তাদের লক্ষ্য করে শট গানের ফাঁকা আওয়াজ করা হয়। এক পর্যায়ে দস্যুরা বন্দি জেলেদেরকে রেখে জেলেদের রাখা নৌকা দুটিতে থাকা ৪ জন দস্যু নদীতে ঝাপিয়ে পরে বনের মধ্যে পালানোর চেষ্টা করে। এ সময় ১ জনকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব।
গুলিবিনিময়কালে র্যাবের পক্ষ থেকে ১৮ রাউন্ড শট গানের গুলি ফায়ার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে .২২ বোর বাট কাটা ১টি রাইফেল, গাদা বন্দুক ১টি, দেশীয় তৈরি শাটার গান ১টি, রামদা ১টি, শটগানের গুলি ২৪ রাউন্ড, এমটি কার্টিজ ৪টি ও জেলেদের দুটি নৌকা উদ্ধার করা হয়। এ সময় জেলেদের কাছে জিম্মি হওয়া অপহৃত ৬ জন জেলেকেও উদ্ধার করা হয়।
/এআর/








