কুষ্টিয়ার দৌলতপুরে লালন হোসেন (২৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার হাকিমপুর ফুটানিবাজারে হামিদুল ইসলামের আড়তে পাট বিক্রি করতে আসলে আড়তের শ্রমিকরা লালনকে পিটিয়ে গুরুতর আহত করে।
নিহত লালন হোসেন উপজেলার পচামাদিয়া গ্রামের তাছেন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় হামিদুল ইসলামের আড়তে পাট বিক্রি করতে আসেন লালন। এ সময় পাটের ওজন নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আড়তের শ্রমিক কুদ্দুস ও ভাষান তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় লালনকে প্রথমে দৌলতপুর হাসপাতালে ও পরে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাট বিক্রি নিয়ে মারপিটের ঘটনায় লালন নামে একজন কুষ্টিয়া হাসপাতালে মারা গেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
মানিকগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা
/বিটি/








