খুলনায় অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধারের ঘটনায় কাতার প্রবাসীসহ ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে কাতার প্রবাসীর চার সহোদর এবং স্বামী-স্ত্রী রয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিআইডির অর্গানাইজ ক্রাইম টীমের সাইবার ক্রাইম স্কটের সদস্য এস আই অনুপ কুমার দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সিআইডির অর্গানাইজ ক্রাইম টীমের পরিদর্শক মোল্যা খালিদ হোসেন বলেন, এ ঘটনায় সিআইডির সাইবার ক্রাইম স্কটের সদস্য এসআই অনুপ কুমার দাস বাদি হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেফতারকৃত কর্মচারী রাশেদ শিকদারসহ রাশেদের স্ত্রী তহমিনা রশিদ লিলি এবং মূলহোতা খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা গ্রামের মৃত আব্দুল হামিদ ফকিরের চার ছেলে কাতার প্রবাসী আলমগীর ফকির ও রফিক ফকির এবং দেশে অবস্থানরত কবির ফকির ও জাহাঙ্গীর ফকিরকে আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, রাতেই তিন সহোদরকে গ্রেফতারের জন্য তাদের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু আগেই খবর পেয়ে তারা পালিয়ে যায়।
বুধবার রাতে নগরীর কয়লাঘাট রোডস্থ কেসিসি’র সাবেক মেয়র প্রয়াত শেখ তৈয়েবুর রহমানের বাসভবনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অর্গানাইজ ক্রাইম টীম অভিযান পরিচালনা করে। এ অভিযানে মূল্যবান তিনটি ভিওআইপি মেশিন, বিভিন্ন মোবাইল কোম্পানির ১ হাজার ৪৬১পিস সীম কার্ড, ১টি ল্যাপটপ এবং বিপুল পরিমান ক্যাবল (তার) উদ্ধার হয়। গ্রেফতার করা হয় প্রতিষ্ঠানের কর্মচারি মো. রাশেদ শিকদার (২৯) ও তার স্ত্রী তহমিনা রশিদ লিলিকে (২২)।
/এইচকে/








