যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ওবায়দুল ইসলাম সবুজ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) শাহিন রেজা (আনারস প্রতীক) পেয়েছেন ২ হাজার ৯১১ ভোট। চৌগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আ. ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকালে এ ইউনিয়নের মোট ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টার দিকে রাণীয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ৭ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এছাড়া অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
গত ৩১ আগস্ট রাতে এ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম খুন হন। সে কারণে সোমবার এ ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
স্বতন্ত্র প্রার্থী শাহিন রেজার অভিযোগ, সকালে নির্বাচন শুরুর এক ঘণ্টার মধ্যে ইউনিয়নের প্রায় সকল কেন্দ্র থেকে শাহিন রেজার অ্যাজেন্টদের বের করে দেয় নৌকা প্রতীকের সর্মথকরা। একইসঙ্গে ব্যালট পেপার কেটে বাক্সে ঢুকিয়ে দেওয়া হয়।
সবকেন্দ্রে এ অবস্থা শুরু হলে বেলা সাড়ে ১২টার দিকে শাহিন রেজা উপজেলা নির্বাচন অফিসারকে নির্বাচন বর্জনের কথা লিখিতভাবে জানান।
/এইচকে/আপ-এআর/







