ঝিনাইদহের কালীগঞ্জে এবার সেই ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের ভাই সোহানুর রহমান সোহানসহ চারজনকে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আবুল কাশেমের ছেলে ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের ভাই সোহানুর রহমান সোহান (২৬) ও একই গ্রামের সোহেল রানা (২৮), কনক (১৮) এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার ভায়রাগাতি গ্রামের জামাল হোসেন (১৯)। বুধবার (২ নভেম্বর) সকাল ৯টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়িতে মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমান ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ চারজনকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর বারবাজার রেলওয়ে মাছের আড়ত থেকে বারবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ পাঁচজনকে বোমা ও মাদকদ্রব্যসহ আটক করে র্যাব।
আরও পড়ুন:
যশোরে ‘গোলাগুলিতে’ শ্রমিকদল নেতা নিহত
/বিটি/








