যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটে ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারীকে মারধরের ঘটনায় সাত কারারক্ষীর মধ্যে তিনজনকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র জেল সুপারের অতিরিক্ত দায়িত্বে থাকা যশোর কালেক্টরেটের আরডিসি মারুফুল ইসলাম এ ব্যবস্থা নেন।
একইসঙ্গে ওই সাত কারারক্ষীর মধ্যে ছয়জনকে স্ট্যান্ড রিলিজও করা হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এদের নির্দিষ্ট কর্মস্থলে রিপোর্ট করতে বলা হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর আবু তালেব এ সব তথ্য নিশ্চিত করেছেন।
বরখাস্ত হওয়া তিন কারারক্ষী হলেন- সাগর হোসেন, হীরণ মৃধা ও শহিদুল্লাহ মীর।
কারাগার সূত্র জানায়, সাগর হোসেন ও ফারুক হোসেনকে মেহেরপুর, হীরণ মৃধাকে বাগেরহাট, শহিদুল্লাহ মীরকে নড়াইল, হুসাইন কবির ও মাসুম বিল্লাহকে ঝিনাইদহ জেলা কারাগারে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে দোষীদের মধ্যে গাড়িচালক লিয়াকতকে বদলি করা হয়নি। তার বিষয়ে আদেশ আসবে কারা মহাপরিদর্শকের দফতর থেকে। সেখান থেকে পরবর্তী আদেশ আসার আগ পর্যন্ত লিয়াকত বর্তমান অবস্থায় (ক্লোজড) থাকবেন।
প্রসঙ্গত, বুধবার দুপুরে যশোর কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীদের সঙ্গে বিতণ্ডার একপর্যায়ে বাঘারপাড়ার জহুরপুর ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী আক্রান্ত হন। মারধর ছাড়াও কারারক্ষীরা তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে ওই দিন সন্ধ্যায়ই সাত কারারক্ষীকে প্রত্যাহার করা হয়।
/এআর/








