মাগুরা সদরের পশ্চিম রামনগরে বাস ডাকাতির চেষ্টাকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শওকত (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত শওকতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি ডাকাতির মামলা রয়েছে। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কুমারপাড়া গ্রামের ময়েন মণ্ডলের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, রাত আড়াইটার দিকে পুলিশের কাছে খবর আসে মাগুরা-ঝিনাইদহ পশ্চিম রামনগর পার্কিং এলাকায় সড়কে গাছ ফেলে বাস ডাকাতির চেষ্টা করছে একদল ডাকাত। টহল পুলিশ দ্রুত সেখানে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে পিছু হটে ডাকাত দল। পরে সকালে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শওকতের লাশ উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে উদ্ধার হয় একটি ৭.৫ বোরের পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, তিনটি রামদা, একটি গাছকাটা করাত। নিহত শওকতের নামে বিভিন্ন থানায় ৭টি ডাকাতির মামলা রয়েছে।
/বিটি/








