চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় ছিনতাই করার সময় ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে এলাকাবাসী আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাদের কাছে একটি খেলনা পিস্তল পাওয়া গেছে।
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মাঝেরপাড়ার আয়ুব আলীর ছেলে এবং জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান (২৮), একই পাড়ার জিনারুল ইসলাম জোনার ছেলে ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম রানা (২৩), ঠাকুরপুর-জাফরপুর গ্রামের আব্দুল জলিল ছেলে ছাত্রলীগ কর্মী টোকন ওরফে কোপা টোকন (২৪)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার কোষাঘাটা গ্রামের ইলিয়াসের ছেলে ময়দা ব্যবসায়ী শাহিন ময়দা বিক্রির টাকা আনতে চুয়াডাঙ্গা জেলা সদরের দৌলতদিয়া এলাকায় যান। সেখান থেকে ১ লাখ ৫ টাকা আদায় শেষে রাতেই ইজিবাইকে করে বাড়ির দিকে রওনা হন। পথে দুটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা শাহিনের গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তিনি চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে আব্দুর রহমান, রানা ও টোকনকে একটি খেলনা পিস্তলসহ আটক করে। এরপর স্থানীয়রা চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) খবর দেন। খবর পেয়ে ডিবি পুলিশের এসআই ইব্রাহিম ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদ শেষে দামুড়হুদা থানায় তাদের সোপর্দ করা হয়। এ ব্যাপারে শাহিন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম জানান, ‘আটককৃত ছিনতাইকারীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তারা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলেও জানিয়েছে।’
দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।’
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, ‘আটক তিনজনই স্বীকার করেছে দৈনিক আকাশ খবরের ভারপ্রাপ্ত সম্পাদক তানজির আহমেদ রনির নির্দেশেই টাকা ছিনতাই করা জন্য তারা শাহিনকে অনুসরণ করছিল।’
আরও পড়ুন-
গ্রাহক ভোগান্তি লাঘবে মোবাইল ফোনের ‘প্যাকেজ’ কমানোর পরিকল্পনা
/এফএস/








