টানা ১ বছর ১৮ দিন পর খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বহিস্কৃত মেয়র মনিরুজ্জামান মনি সোমবার বিকালে দায়িত্ব গ্রহণ করেছেন। সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সরকারের করা আপিল ১৩ নভেম্বর খারিজ হয়। এরপর সোমবার বিকাল ৩টা ৩৫ মিনিটে মনির নগর ভবনে যান এবং দায়িত্ব গ্রহণ করেন।
কেসিসির ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শমসের আলী মিন্টু জানান, সোমবার বিকালে মেয়র মনিরুজ্জামান মনি নিজ দফতরে আসেন এবং চেয়ারে বসেন। এ সময় তিনি উপস্থিত সুধীজনের সঙ্গে কথা বলেন এবং দাফতরিক কার্যক্রম পরিচালনা করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ জুন নির্বাচনে বিজয়ী হওয়ার পর ওই বছরের ২৫ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন মেয়র মনিরুজ্জামান মনি। এরপর নাশকতার মামলায় ২০১৫ সালের ২ নভেম্বর কেসিসির মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করে সরকার। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন তিনি (নম্বর-৭০৭৯/১৬)। চলতি বছরের ৬ জুন হাইকোর্ট সরকারের আদেশকে কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল ইস্যু করে ও সাময়িক বহিস্কারাদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে ১০ আগস্ট চেম্বার জজ আদালতে আপিল করে সরকার। ১৩ নভেম্বর শুনানি শেষে সরকারের ওই আপিল খারিজ করে দেন আদালত। এ দিন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর হাইকোর্টের আদেশ বহাল রেখে সরকারের আপিল খারিজ করে দেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জানান, মেয়র মনিরুজ্জামান মনির দায়িত্ব গ্রহণে নগরবাসী নতুনভাবে আশার আলো দেখছেন। হতাশা কেটে নাগরিকদের মুখে আবার হাসির ঝলক দেখা দিয়েছে। এ হাসিকে মনি তার দায়িত্ব পালনের মাধ্যমে আরও উজ্জ্বল করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য প্রয়োজন সরকারের আন্তরিকতার।
তিনি আরও বলেন, আদালতের এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিহিংসাপরায়ন সরকার গায়ের জোরে জনগণের রায়কে পদদলিত করে মিথ্যা, বানোয়াট মামলায় একজন জনপ্রতিনিধিকে তার দায়িত্ব থেকে বরখাস্ত করেছিল। মেয়র মনিরুজ্জামান মনির অনুপস্থিতির কারণে নগরবাসী তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। জনদুর্ভোগ ও জনভোগান্তি বাড়ছিল।
আমরা আশা করছি সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতের রায়কে মেনে নিয়ে তাকে দায়িত্ব পালনে সহায়তা করবে এবং ভবিষ্যতে আর কোনও জনপ্রতিনিধিকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হবে না।
এদিকে, মেয়র হিসেবে মনির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, শেখ মোশারফ হোসেন, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, ফখরুল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু ও আসাদুজ্জামান মুরাদ।
/বিটি/আপ-এআর/








