প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে করা মামলায় বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুদানেন নামে সমন জারি করেছেন মাগুরা আদালত। মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালত এ সমন জারি করেন। মঙ্গলবার ম্যাজিস্ট্রেট সম্পা বসু এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী কাজী সিরাজ উদ্দিন মিহির জানান, ২৪ অক্টোবর মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাগুরা অক্সফোর্ড পলিটেকনিকের অধ্যক্ষ ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ মাগুরা জেলা শাখার সভাপতি ডা. মকবুল হোসেন জীবন মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সে অনুযায়ী মাগুরা সদর থানার এস আই রফিকুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিল করলে মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সম্পা বসু আজ এ আদেশ দেন।
মামলায় বাদী অভিযোগ করেছেন, বরিশালের উজিরপুর থানার হস্তি সুন্দর গ্রামের বাসিন্দা ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ কর্মী জসিম উদ্দিন সরকার তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি লোগো ব্যবহার করে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক নিয়ে একটি পোস্ট দেন। এতে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে মামলার ১ নম্বর স্বাক্ষী জসিম উদ্দিনের কাছে এখানে শেখ হাসিনার কোনএ অবদান নেই উল্লেখ করে কটূক্তি করেন।
মামলার নথিতে বাদী ডা. মকবুল হোসেন জীবন জসিমউদ্দিনের সঙ্গে মিহির কান্তি মজুমদারের কথপোকথন রেকর্ডকৃত একটি সিডি আদালতে পেশ করেছেন।
/এসটি/








