বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ১০টি ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে একজনকে ভ্রাম্যমান আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নিরঞ্জন কুমার শিকদার বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সদর উপজেলার রণবিজয়পুর এলাকার মাদক ব্যবসায়ী জেসমিন বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জেসমিন বেগম রণবিজয়পুর গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকালে সদর উপজেলার রণবিজয়পুর এলাকার মাদক ব্যবসায়ী সেকেন্দার আলীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেকেন্দার ও তার স্ত্রী রোকসানা বেগম পালিয়ে যায়। তবে তার ছেলে মেহেদী হাসানকে (১৯) চার কেজি গাঁজাসহ আটক করা হয়। তাকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, সন্ধায় রণবিজয়পুর এলাকার মোশারেফ হোসেনের মেয়ে দুলালী বেগমকে ১০টি ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের বিচারক বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম দুই বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন। অপর দুই মাদক ব্যবসায়ীর নামে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিরঞ্জন কুমার শিকদার জানান, আটককৃতরা সবাই পেশাদার মাদক বিক্রেতা।
/এসএ/








