তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন ও গণতন্ত্রের প্রস্তাব নিয়ে আলোচনা পরে। খালেদা জিয়া আগে জামায়াত, রাজাকার ও জঙ্গি ছাড়ুন। জামায়াত, রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না।’ গণতান্ত্রিক উপায়ে ইসি গঠন না হলে বিএনপি আন্দোলনে নামবে দলটির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এসব কথা বলেন।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিধান আদালত নাকচ করে দেওয়ার পরে অনির্বাচিত সরকার গঠনের আর কোনও অবকাশ বাংলাদেশে নেই। বিএনপির নেতৃবৃন্দ নির্বাচনকালীন সরকার বা অনির্বাচিত অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব নির্বাচন ভন্ডুল করার প্রস্তাব।’
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, কুষ্টিয়া পুলিশ (এসপি) সুপার প্রলয় চিসিম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।
/বিটি/








