যশোরের মণিরামপুরে ট্রাকের ধাক্কায় জাকির হোসেন দিপু (৩৫) নামে পুলিশের এক উপ-সহকারী পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে মণিরামপুর-ঢাকুরিয়া সড়কের জয়পুর ইমান আলীর আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন জয়পুর গ্রামের ইনতাজ আলী সরদারের ছেলে। তিনি সম্প্রতি মাগুরা সদর থানা থেকে পদোন্নতি পেয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশৈংকল থানায় যোগদান করেন।
নিহতের স্বজনরা জানান, ২৯ জানুয়ারি জাকির ছুটিতে বাড়ি আসেন। এরপর স্ত্রী-সন্তানকে নিয়ে নানাবাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে তিনি কেনাকাটা করতে মণিরামপুর বাজারে যান। সেখান থেকে বন্ধু জাহাঙ্গীর হোসেনের ব্যবহৃত পালসার বাইকটি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ইমান আলীর আমতলার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটভাটার কাজে ব্যবহৃত একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তার। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি দল জাকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, বেলা ১টা ১৫ মিনিটে জাকির হোসেনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস বলেন, ‘শুনেছি নিহত জাকির হোসেন পুলিশের এএসআই। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।’
জাকির হোসেন দিপু ২০০৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার স্ত্রী ও একটি মেয়ে সন্তান রয়েছে।
/এমডিপি/








