নড়াইলে আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় (৫২) হত্যা মামলায় ভদ্রবিলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহিদুর রহমানসহ তিনজনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট নয়ন বড়াল এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ভবতোষ রায় এই তিনজনের সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে রিমান্ড শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
রিমান্ডে নেওয়া অপর দুজন হলেন, আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান ছেলে আশিক রহমান ও ভাতিজা রাসেল।
জানা যায়, ১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজার এলাকায় ভদ্রবিলা ইউনিয়ন আওয়ালীগ সভাপতি প্রভাষ রায়কে ছুরিকাঘাতে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে যশোরে স্থানান্তর করা হয়। রাত ৯টা ৪৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভদ্রবিলা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান ও তার লোকজন প্রভাষ রায়কে হত্যা করেছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিহতের স্ত্রী টুটুল রানী বাদী হয়ে নড়াইল সদর থানায় ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, ছেলে আশিক, ভাতিজা রাসেল মিনাসহ নয়জনের নাম উল্লেখ এবং সাতজনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর ওই রাতেই শহিদুর রহমান ও ছেলে আশিকসহ পাঁচজনকে আটক করে পুলিশ।
/এমডিপি/








