বিএনপি ভুল রাজনীতির কারণে হতাশাগ্রস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘এ হতাশা থেকেই বিএনপি নেতারা বার বার বিভ্রান্তমূলক কথা বলে যাচ্ছেন।’
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরতলীর কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘১০ম জাতীয় নির্বাচনে বিএনপির অংশ গ্রহণ না করাটা ছিল তাদের ভুল সিদ্ধান্ত। এই ভুলের দায়ভারটা তারা নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে নিজেদের শান্তনা খোঁজার চেষ্টা করছেন।’
হানিফ আরও বলেন, ‘বর্তমান যারা নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছেন তারা তাদের দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন এটা আমাদের প্রত্যাশা। কিন্তু তার আগেই তাদের বিরুদ্ধে অভিযোগ করাটা যুক্তিসঙ্গত নয়।’
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবউন নেসা সবুজসহ আরও অনেকে।
/এআর/








