আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে যশোরের শার্শা উপজেলায় এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জিরনগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব হোসেন (১৯) উপজেলার জিরেনগাছা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও নাভারণ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ক্ষমতাসীন দলের মেয়র গ্রুপ ও স্থানীয় এমপি গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। শনিবার শার্শায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বাদ দিয়ে সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান মিনুকে নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ক্ষমতাসীন দলের মেয়র আশরাফুল আলম লিটন গ্রুপের সমর্থক ছাত্রলীগ কর্মী বিপ্লব হোসেনও যায়। এর জের ধরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিপ্লবকে ব্যাপক মারধর করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
/বিটি/








