বেনাপোল বাজার থেকে ১ কেজি ৮শ গ্রাম ওজনের ১৪ পিস স্বর্ণের বারসহ বজলুর রহমান (৫৫) নামে একব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রবিবার রাত ৮টার সময় বেনাপোল বাজারের চুড়িপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলেও জানিয়েছে বিজিবি।
আটক বজলুর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুর সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের চুড়িপট্টির সামনে থেকে বজলুর রহমানকে আটক করা হয়। আটকের পর ক্যাম্পে এনে তার দেহ তল্লাশি করে ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃত স্বর্ণ বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন সুবেদার আব্দুর সামাদ।
/এমডিপি/








