কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাতিল হওয়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে রেজিস্ট্রার এফ এম আবদুল লতিফ সাংবাদিকদের জানান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এফ ইউনিটের ভর্তি পরীক্ষা আবারও ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এবং সে সময় যারা আবেদন করেছিলেন শুধু তারাই এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। এছাড়াও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুর আলমকে আহ্বায়ক করে ওই ইউনিটের একটি পরীক্ষা কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান তিনি।
প্রসঙ্গত, গত ৬মার্চ সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত এফ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওই ইউনিটের সম্বয়ক মো. নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত এবং পরীক্ষা কমিটিতে থাকা অপর দুই শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান (গণিত বিভাগ) ও মো. আলতাফ হোসেন রাসেলকে (পরিসংখ্যান বিভাগ) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এছাড়াও পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারির সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।একইসঙ্গে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের এফ ইউনিটে ভর্তি হওয়া একশ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। প্রশ্ন ফাঁসে জড়িত গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র মনোজিৎ মণ্ডলকে আজীবন বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আলাউদ্দিন আলাল ও সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত বছরের ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। এই পরিপ্রেক্ষিতে ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণিত বিভাগের শিক্ষক এস এম মোস্তফা কামালকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারির সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
/জেবি/
আরও পড়তে পারেন : রাজবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে সন্ত্রাসী হামলা, আহত ৫








