নড়াইলে স্ত্রী মিতালী বেগমকে হত্যার দায়ে স্বামী ফারুক শেখকে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আবুল বাশার মুন্সী এ রায় দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম ইমদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৮ মার্চ রাতে নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের জলিল শেখের ছেলে ফারুক শেখ তার স্ত্রী মিতালী বেগমকে ঘরের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মামা ইকবাল শিকদার বাদী হয়ে ফারুক শেখকে আসামি করে কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ফারুককে দোষি সাব্যস্ত করে আদালতে চার্জশিট দাখিল হয়। এ মামলায় ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ফারুক শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ফারুক শেখ আদালতে উপস্থিত ছিলেন।
/এআর/








