সাতক্ষীরায় মুনিয়া ইয়াসমিন টুম্পা (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নিহতের স্বামী ফারুক হোসেন পলাতক রয়েছেন।
মুনিয়া ইয়াসমিন শহরের পলাপোল এলাকার মামুনুর রশীদ বাবুর মেয়ে। তার ৮ মাসের একটি ছেলে রয়েছে।
নিহতের চাচা ইব্রাহিম হোসেন বলেন, টুম্পা গত দুই বছর আগে ফারুকের সঙ্গে মুনিয়ার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে মুনিয়াকে প্রায় মারধর করা হতো। তার ভাই গরীব হওয়া সত্বেও জামাই ফারুককে ব্যবসার জন্য ৫০হাজার টাকাও দিয়েছিল। বৃহস্পতিবার রাতে মুনিয়াকে পিটিয়ে এবং গলাটিপে হত্যা করে ফারুক। পরে নিজেই সদর হাসপাতালে ভর্তি করে তাদের কাছে রাত ২টার দিকে ফোন করে বলে, টুম্পা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরে সে লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ পায়নি। তবে অভিযোগ দিলে অবশ্যই সেটি নিয়মিত হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে।
/এআর/








