কৃষক মজিদ সরদার হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু’বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।
যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল মাঝের পাড়া গ্রামের কৃষক মজিদকে ২০০৯ সালে হত্যা করা হয়। ওই মামলার রায় ঘোষণা করা হয় মঙ্গলবার।
দণ্ডপ্রাপ্তরা হলেন যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল মাঝেরপাড়া গ্রামের মৃত জাহান বকস সরদারের সাত ছেলে তাজ উদ্দিন সরদার (৩২), রফিকুল ইসলাম সরদার (৩৫), সিদ্দিকুর রহমান সরদার (৩৮), আমজাদ সরদার (২৬), আব্দুল গনি সরদার (৪৫), নজরুল ইসলাম সরদার (৩০) ও মাসুদ সরদার (২২) এবং সিদ্দিকুর রহমান সরদারের ভাতিজা আসাদুজ্জামান লিটন (২০)। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট মো. এনামুল হক।
তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর সকালে যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল মাঝেরপাড়া গ্রামে হামলায় মজিদ সরদার গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই বিকালে মজিদ সরদার মারা যান। পরের দিন এ ঘটনায় নিহত মজিদ সরদারের ছেলে মো. বাবুল রানা বাদী হয়ে ১১ জনের নামে কেশবপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার উপ-পরিদর্শক নারায়ণ চন্দ্র ঘোষ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মামলাটি যশোরের আদালত থেকে বিচারের জন্য খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। এখানে শুনানি শেষে মঙ্গলবার ওই রায় ঘোষণা করা হয়।
/বিএল/








