সাতক্ষীরার কলারোয়ায় ছাত্রকে বেধড়ক পেটানোর অভিযোগে চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে প্রধান শিক্ষক আনছার আলীকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেব নাথ।
জানা গেছে, গত শনিবার ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র আশিকুজ্জামান দেরিতে স্কুলে আসায় প্রধান শিক্ষক আনছার আলী তাকে বেধড়ক পেটান। পরে ওই ছাত্র অসুস্থ্য হয়ে পড়লে তাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। আশিকুজ্জামান চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের আশরাফুজ্জামানের ছেলে।
পরদিন রবিবার কলারোয়া প্রেসক্লাবে এর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন আশিকুজ্জামানের (স্থানীয় অভিভাবক) খালা সাজেদা খাতুন। এর পরদিন সোমবার প্রধান শিক্ষক আনছার আলী নিজেকে নির্দোষ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেন ।
এদিকে, ওই ঘটনায় ছাত্রের খালা সাজেদা খাতুন বাদি হয়ে গত ১৭ এপ্রিল থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৩৮(৪)১৭। ১৯ এপ্রিল বুধবার বেলা ২টার দিকে কলারোয়া থানার এসআই মফিজুর রহমান ফোর্স নিয়ে চন্দনপুর হাইস্কুল সংলগ্ন গয়ড়া বাজার এলাকা থেকে প্রধান শিক্ষক আনছার আলীকে আটক করে।
/জেবি/
আরও পড়তে পারেন: মেয়র মান্নানকে বরখাস্তের দ্বিতীয় দফা স্থগিতাদেশ






