গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কম। এর প্রভাব পড়েছে যশোর বোর্ডেও। যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ০৪ শতাংশ। যা গত বছর ছিল ৯১ দশমিক ৮৫ শতাংশ।
একইসঙ্গে কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। এ বছর যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৬০ জন। গত বছর পেয়েছিল ৯ হাজার ৪৪৪ জন। চলতি বছর জিপিএ-৫ ছেলের সংখ্যা ৩ হাজার ৫২৪ জন ও মেয়ের সংখ্যা ২ হাজার ৯৩৬ জন।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫০৩টি বিদ্যালয়ের ১ লাখ ৫৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী ছিল। পাস করেছে ১ লাখ ২২ হাজার ৯৯৫ জন। যার মধ্যে ছেলে ৬০ হাজার ৯৭ ১জন ও মেয়ে ৬২ হাজার ২৪ জন।
এর মধ্যে মানবিক বিভাগ থেকে পাস করেছে ৬০ হাজার ৪৪৯ জন। বিজ্ঞান বিভাগে ৩১ হাজার ৭০৫ জন ও বাণিজ্য বিভাগে ৩০ হাজার ৮৪১ জন।
/এআর/








