পা দিয়ে লিখে এসএসসি পাস করলো ববিতা আকতার পাপিয়া। মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরএসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ২.৫০ পেয়েছে সে। জন্ম থেকে দুই হাতে কোনও শক্তি না পাওয়ায় পা দিয়েই লেখালেখির কাজ চালাতে হয় পাপিয়াকে।
তার ইচ্ছা সমাজের আর পাঁচটা মেয়ের মতো সেও উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। শিক্ষিকা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে সমাজের পিছিয়ে পড়া ছেলেমেয়েদের শিক্ষাদান করবে।
পাপিয়া জানায়, পাসের খবর জানার পর এতো ভালো লেগেছে যে আনন্দে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছিলাম না। পাপিয়া আরও বলে, আমি কলেজে ভর্তি হবো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবো।
পাপিয়ার মা আরিফা খাতুন জানান, অনেক কষ্ট করে মেয়েকে লেখাপড়া করাতে হচ্ছে। তার হাত অকেজো হওয়ার কারণে অনেক কষ্ট হয়। আমার মেয়েকে যেন সমাজে অবহেলায় কাটাতে না হয় সেজন্য সে যতদূর পারবে তাকে লেখাপড়া করাবো।
মেহেরপুর জেলায় এবার এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার শতকরা ৮১ দশমিক ৪৫ ভাগ। ৯টি কেন্দ্রে ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৮২৯ জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৪ হাজার ৭৪৮ জন।
/বিএল/








