খুলনা মহানগরীর রূপসা নতুন বাজার ওয়াপদা রোডের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সেখানে থাকা অর্ধশতাধিক ঘর পুড়ে যায়। রবিবার (৭ মে) রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক এবিএম ফেরদৌস জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বস্তিতে ৩০-৪০টি বসত ঘর এবং ১০-১২টি মাছের ঘের পুড়েছে বলে অনুমান করা হচ্ছে।
খুলনা সদর থানার ওসি তদন্ত হুমায়ুন কবির বলেন, রাত পৌনে ১০টার দিকে মহানগরীর রূপসা নতুন বাজার চর এলাকায় ওয়াপদা রোডের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে টুটুপাড়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের প্রধান অফিস থেকে ৪টি ইউনিট, খালিশপুর থেকে ২টি ও দৌলতপুর থেকে দুটি ইউনিট কাজ করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও কেসিসি’র মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
/এআর/








