ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানার বাড়ির মালিকের ছেলে শামীম ঝিনাইদহ অঞ্চলের নব্য জেএমবির সমন্বয়কারী। লেবুতলার ওই আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণার পর পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ সোমবার (৮ মে) এই তথ্য জানান।
সোমবার লেবুতলার আস্তানায় ‘অপারেশন সাটল স্প্লিট’ (Subtle Split) শেষ হয়েছে। ওই আস্তানায় আটটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে রবিবারই এই বাড়ির মালিক শরাফত হোসেনের (মৃত) দুই ছেলে শামীম (২২) ও হাসানকে (৩৫) আটক করে পুলিশ। ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে দিদার আহমেদ জানান, উদ্ধার করা সাতটি গ্রেনেড ও একটি বোমার বিস্ফরণ ঘটানো হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি নাইন এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি ও বেশকিছু ডিভাইস।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কুমড়াবাড়ীয়া ইউনিয়নের বজরাপুর এলাকার জঙ্গি আস্তানায় জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন সাটল স্প্লিট’ শেষ ঘোষণা করা হয় রবিবার রাতেই। তবে সোমবার (৮ মে) সকালে জেলার সদর উপজেলার লেবুতলা এই অভিযানের দ্বিতীয় অংশ শুরু হয়। এটাকেও অপারেশন সাটল স্প্লিটের অংশ বলেই জানান ডিআইজি দিদার আহমেদ। তার নেতৃত্বেই সোমবার সকাল সাড়ে ১০টা থেকে এই অভিযান শুরু হয়। বেলা সোয়া ১টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
/এফএস/টিআর/








