ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে দুটি জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে র্যাব। এর আগে মঙ্গলবার সকালে অভিযান শুরু করে বিকালে তা স্থগিত করে র্যাব।
বুধবার সকাল পৌনে ৯টা থেকে র্যাবের কমান্ডো বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযান শুরু করে। র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ একথা জানিয়েছেন।
ঘটনাস্থল থেকে আশেপাশের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত আছেন র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান, পরিচালক অপারেশন লে. কর্নেল মাহমুদ, র্যাব-৬ এর কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, ঝিনাইদহ র্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ।
মঙ্গলবার অভিযানে চালিয়ে দুটি সুইসাইডাল ভেস্ট, ৫টি শক্তিশালী বোমা, ১৮টি ডিনামাইট স্টিক, বোমা তৈরির ১৮৬ টি সার্কিট ও একটি অ্যান্টি মাইন উদ্ধার করা হয়।
সোমবার রাতে সেলিম ও প্রান্ত নামে নব্য জেএমবি দুই সদস্যকে আটক করে র্যাব। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তিন আস্তানায় অভিযান শুরু করে র্যাব। একটি বাড়ির অভিযান শেষ হলেও এখনও দুটি বাড়িতে অভিযান চলছে। তিনটি বাড়িই চুয়াডাঙ্গা গ্রামে অবস্থিত।
/এসটি/








