মাগুরা সদরে ১৮ খাদা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এক মেয়েকে অপহরণ করতে গিয়ে ব্যর্থ হওয়ায় বাবা-মেয়েকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত বাবা বিনয় বিশ্বাস ও মেয়েটিকে ওই রাতেই মাগুরা আড়াইশ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন বিনয় বিশ্বাস জানান- ২০১৫ সালে ৮ম শ্রেণিতে পড়াকালিন সময়ে তার মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে প্রতিবেশী উকিল মোল্যার বখাটে ছেলে সজিব মোল্যার নামে মামলা করেন তিনি। সে সময় স্থানীয়দের মধ্যস্ততায় ওই মামলাটি তুলে নেন তিনি। এরপর থেকে প্রতিনিয়ত সজিব ও তার সঙ্গিরা তাদের ক্ষয়ক্ষতি পূরণ করতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এর একপর্যায়ে বৃহস্পতিবার (১ জুন) রাত ১০টার দিকে সজিব তার ভাই নাজমুলসহ অজ্ঞাত আরও ২/৩ জন দুর্বৃত্ত তাদের বাড়ির মধ্যে ঢুকে তার মেয়েকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করে। এ সময় তার মেয়ের চিৎকারে তিনি এগিয়ে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে। এ সময় মেয়ে তাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাতেই তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হোসেন আল মাহবুব জানান, ঘটনার পর নাজমুল, সজিব ও সবুজ নামে তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/








