চাঁদার দাবিতে যশোরে কুরবান আলী ওরফে পঁচা (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করেছে দুর্বৃত্তরা। তাকে জিম্মি করে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা এবং তার ব্যবহৃত মোটরসাইকেলও ছিনিয়ে নেওয়া হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার আয়নালের আমবাগানে এ ঘটনা ঘটে।
আহত কুরবান আলী পুরাতন কসবা কাজীপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
আহত কুরবান আলী জানান, তিনি কাঠের ও চার মাছের ব্যবসা করেন। পুরাতন কসবার তাইজেল, সোহাগ, লাবু, ডাবু, সোহেলসহ ৮-১০ জন তার কাছে প্রায়ই চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আজ বিকালে দুর্বৃত্তরা তাকে পালবাড়ি মোড় থেকে অস্ত্রের মুখে জিম্মি করে আয়নালের বাগানে নিয়ে যায়।
দুর্বৃত্তরা তার ডান হাত, দুই পা এবং কোমরে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। একইসঙ্গে জোর করে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং তার মোটরসাইকেলটি নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডা. দেলোয়ার হোসেন বলেন, আহতের অবস্থা খারাপ; ২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, এ ধরনের কোনও ঘটনা আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ এ বিষয়ে কোনও অভিযোগ দেয়নি।
/বিএল/








