টানা বর্ষণে বাগেরহাট পৌর শহরসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল বর্ষণে আমনের বীজতলার মাঠ পানিতে তলিয়ে গেছে। কিছু এলাকায় মাছের ঘের তলিয়ে যাওয়ারও খবর পাওয়া গেছে। প্রবল বর্ষণের কারণে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না।
বৃষ্টির পানিতে বাগেরহাট পৌরসভার নিচু এলাকা বাসাবাটি, খারদ্বার, সাহাপাড়া, মেইনরোড, সাধনার মোড়, পুরাতন বাজার, হাড়িখালি, পৌরসভার সামনের সড়ক ও পোস্ট অফিস পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এছাড়া জেলার ফকিরহাট, শরণখোলা, কচুয়া, মোরেলগঞ্জ, মংলা ও রামপাল উপজেলার নিন্মাঞ্চল বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।
বাগেরহাট শহরের একাধিক বাসিন্দা জানান, গত কয়েকদিনে ভারি বৃষ্টিপাতে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে চলাচলে দারুণ অসুবিধা হচ্ছে। এলাকায় পানি নিষ্কাশনের জন্য তৈরি করা ড্রেনগুলো প্রশস্ত করার দাবি জানান তারা।
বাগেরহাট পৌরসভা প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকী বলেন, টানা বর্ষণ ও জোয়ারের পানির বৃদ্ধির ফলে পৌরসভার নিচু এলাকা প্লাবিত হয়েছে। আমাদের শহরের আধুনিক ড্রেনেজ ব্যবস্থার জন্য বরাদ্দ প্রয়োজন। এরপরও আমরা পানি নিষ্কাশনের জন্য চেষ্টা করে যাচ্ছি।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আফতাব উদ্দিন বলেন, ‘টানা বর্ষণে জেলার বেশকিছু নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাঠে আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে। এই বৃষ্টি অব্যাহত থাকলে আমন বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।‘
/এআর/








