নড়াইলের কালিয়া থেকে অপহৃত চতুর্থ শ্রেণির ছাত্র বাবুলকে (১০) অপহরণের পাঁচদিন পর পাবনা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।
পুলিশ সুপার জানান, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের ভোমবাগ গ্রামের ফিরোজ হোসেনের ছেলে স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র বাবুলকে (১০) গত ২২ জুলাই প্রাইভেট পড়তে যাওয়ার সময় বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।এরপর অপহরণকারী চক্রের সদস্য দুলাল চন্দ্র সরকার অপহৃত বাবুলের মা জোসনা বেগমের কাছে মোবাইল ফোনে ৫৭ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় শিশু বাবুলের মা জোসনা বেগম বাদী হয়ে কালিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে কালিয়া থানা পুলিশ পাবনা পুলিশের সহযোগিতায় জেলার আটঘরিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে বুধবার দুপুরে বাবুলকে উদ্ধার করে। এ ঘটনায় অপহরণকারী দুলাল চন্দ্র সরকারের বাবা গোপেশ্বর চন্দ্র সরকারকে নিজবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
/বিএল/








