‘প্রতিমন্ত্রীর সকালে বিতরণ করা ছাগল রাতে মৃত্যু’ ফেসবুকে এই স্ট্যাটাস দিয়ে মামলার আসামি হয়েছেন এক সাংবাদিক। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় গ্রেফতার হয়েছেন দৈনিক প্রবাহের ডুমুরিয়া প্রতিনিধি আ. লতিফ মোড়ল। সোমবার (৩১ জুলাই) গ্রেফতারের পর তাকে মঙ্গলবার (১ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত ফৌজদার বাদী হয়ে সোমবার এ মামলাটি করেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মামলা দায়েরের পর রাত আড়াইটার দিকে ডুমুরিয়ার বাড়ি থেকে লতিফকে গ্রেফতার করা হয়।
মামলার সংক্ষিপ্ত বর্ণনায় ওসি জানান, গত ২৯ জুলাই খুলনার ডুমুরিয়ায় এফসিডিআই প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ অধিদফতর কিছু পরিবারের মধ্যে হাঁস, মুরগী ও ছাগল বিতরণ করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ । সকালে ছাগল বিতরণের পর রাতে একটি ছাগল মারা যায়। ৩০ জুলাই এ সংক্রান্ত তথ্য দিয়ে সাংবাদিক লতিফ মোড়ল তার ফেসবুক পেজে ‘প্রতিমন্ত্রীর সকালে বিতরণ করা ছাগল রাতে মৃত্যু’ লিখে একটি পোস্ট দেন। সেখানে প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে বলে বাদী সুব্রত ফৌজদার ক্ষুব্ধ হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি সোমবার রাত ৯টার দিকে ডুমুরিয়া থানায় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের করেন।
মামলার বাদী সুব্রত ফৌজদার বলেন, ‘ওই সংবাদের সঙ্গে ফেসবুক পেজে প্রতিমন্ত্রীর পাসপোর্ট সাইজ ছবি ব্যবহার করা হয়েছে। মূলত লতিফ মোড়েলের মৃত ছাগলের ছবি ব্যবহার করা উচিত ছিল।’ এ কারণে ক্ষুব্ধ হয়ে তিনি মামলাটি দায়ের করেছেন।
৫৭ ধারা বাতিলের ইস্যুতে দেশ্যব্যাপী আন্দোলনের বিষয় জানতে চাইলে তিনি কোনও উত্তর দেননি।
/এআর/এফএস/








