সাতক্ষীরার কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গিয়ে পাঁচ ব্যাংক কর্মকর্তাসহ ২০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৯টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালীগঞ্জ উপজেলার পাওখালিতে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হক জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত যাত্রীদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত পাঁচ ব্যাংক কর্মকর্তারা হলেন- অগ্রণী ব্যাংকের সাতক্ষীরার শ্যামনগর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এনামুল তারেক (৩৬), একই অফিসের প্রিন্সিপাল অফিসার প্রবীর সরকার (৩৫), একই শাখার সিনিয়র অফিসার মিজানুর রহমান (৩৭), একই শাখার কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক (৩৫) ও একই শাখার সিনিয়র অফিসার মফিজুল ইসলাম (৫৬)।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৈয়বুর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে হোসনে আরা নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে।
/এমও/








