যশোরের বেনাপোলে সাংবাদিক আজিজুল হককে শারীরিকভাবে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। রবিবার (৬ আগস্ট) সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত রাজপথে অবস্থান কর্মসূচিতে বক্তৃতাকালে তারা এ দাবি জানান।
সাংবাদিক নেতারা বলেন, বিতর্কিত ৫৭ ধারা গণমাধ্যমকে আটকানোর জন্যই করা হয়েছে। এই আইনের মাধ্যমে প্রতিনিয়ত হয়রানি, নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। এ কারণে অবিলম্বে ৫৭ ধারা বাতিল ও সাংবাদিকদের সুরক্ষায় আইন করার দাবি জানান নেতারা।
রবিবার দুপুরে শহরের মুজিব সড়কে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর ইসলাম। বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাবেক সহ-সভাপতি মোস্তফা রুহুল কুদ্দুস, শেখ আব্দুল্লাহ হুসাইন, তরিকুল ইসলাম তারেক, আকরামুজ্জামান, এসএম সোহেল প্রমুখ।
/বিএল/








