ঝিনাইদহে ফিরোজ আহম্মেদ (২৮) নামের এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর ২টার দিকে শহরের আরাবপুর চাঁনপাড়া মিন্টুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ চাঁনপাড়া গ্রামের আনসার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এমদাদুল হক শেখ
এলাকাবাসী জানায়, রবিবার দুপুরে ফিরোজ বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিল। পথে আরাবপুর চাঁনপাড়া মিন্টুর বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এমদাদুল হক শেখ বলেন, ‘ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ গেছে। নিহত ফিরোজ স্বেচ্ছাসেবক লীগ কর্মী বলে পৌর মেয়র তাকে জানিয়েছেন।’
/জেবি/
আরও পড়তে পারেন: হাসপাতালে ছাদের ধস ঠেকাতে বাঁশের খুঁটি








