চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি মাঠপাড়া নামক স্থানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়ি প্রতিরোধ করে ডাকাতির চেষ্টাকালে একজনকে আটক করা হয়েছে। তার নাম আজিজুল ইসলাম (৩২)। তার কাছ থেকে একটি ওয়ান শুটার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আজিজুলের বাড়ি আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামে।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ইব্রাহীম জানান, মঙ্গলবার গভীর রাতে এসআই আশরাফ ফোর্সসহ আলমডাঙ্গা শহর থেকে মাইক্রোযোগে চুয়াডাঙ্গায় আসার পথে রোয়াকুলি মাঠপাড়া নামক স্থানে ৮-১০ জনের ডাকাত দল গতিরোধ করে। এসময় ডিবির দলটি কৌশলে গাড়ি থেকে নামার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে ডাকাত দল দৌড় দেয়। এরপর পুলিশ ধাওয়া করে আজিজুলকে অস্ত্র ও গুলিসহ আটক করে অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি জানিয়েছে।
/এসটি/








