সরকারকে বিব্রত করতে বিএনপি নিয়মিত মিথ্যাচার করছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন,‘বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গুম করা হয়েছে বলে তারা অভিযোগ করেছিল। পরবর্তীতে দেখা গেছে তারা জঙ্গির খাতায় নাম লিখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তাই কে গুম হয়েছে, কে জঙ্গির খাতায় নাম লিখিয়েছে, নাকি কেউ স্বেচ্ছায় আত্মগোপন করেছে তা পুনঃতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।’ বৃহস্পতিবার (৩১আগষ্ট) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে অসহায় ও দুস্থদের সহায়তার জন্য চেক দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন,‘অতীতে অনেকেই নিখোঁজ হওয়ার দুই-তিন মাস পর ফিরে এসেছেন। আবার অনেকে জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছেন। বিএনপির এ অভিযোগ ভিত্তিহীন। সরকারকে বিব্রত করার জন্য এটা বিএনপির নিয়মিত মিথ্যাচারের একটি অংশ।
তিনি আরও বলেন,‘জিয়াউর রহমানের তৈরি অবৈধ দলের নেতাকর্মীদের মুখে রাষ্ট্র ক্ষমতা দখলের অভিযোগ মানায় না। নিজেরা অবৈধ দখলদার বলেই আওয়ামী লীগের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করে আসছে।’
ঈদের পর বিএনপির আন্দোলনে নামার হুমকি প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপির আন্দোলন বাংলাদেশের জনগণ দেখেছে। পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের সমর্থন পাওয়া যায় না। তা বিএনপি বহুবার প্রমাণ করেছে। ভবিষ্যতেও যদি তারা সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড করে তাহলে জনগণ অতীতে যেভাবে প্রতিহত করেছে ভবিষ্যতেও করবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষারসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা ।
আরও পড়তে পারেন: ফিরতি পথে যাত্রী নেই অজুহাতে বেশি ভাড়া আদায়ের অভিযোগ








