ফিরতি পথে যাত্রী নেই, এই অজুহাতে ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথে চলাচলরত স্পিড-বোটগুলো। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, সরকার নির্ধারিত একশ’ ৩০ টাকা ভাড়ার পরিবর্তে দুইশ’ টাকা থেকে দুইশ’ ৫০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। তবে স্থানীয় প্রশাসনের দাবি বেশি ভাড়া আদায় করা হচ্ছে না।
ফেরি ও লঞ্চে বেশি সময় লাগায় ঈদে ঘরমুখো যাত্রীরা সময় বাঁচাতে স্পিড-বোটে করে পদ্মা নদী পাড়ি দেন। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বোট মালিক ও চালকরা। এছাড়া স্পিড-বোটে অতিরিক্ত যাত্রীও বহন করা হচ্ছে। এমনটাই অভিযোগ যাত্রীদের।
জানা গেছে, শিমুলিয়া-মাঝিবাড়ি-কাঠালবাড়ি রুটে বিভিন্ন আকারের চার শতাধিক স্পিড-বোট চলাচল করে। বড় আকারের বোটে ২০ জনের আসন হলেও যাত্রী নেওয়া হচ্ছে ২৪ থেকে ২৫ জন। ছোট ও মাঝারি আকারের বোটেও বেশি যাত্রী নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
এদিকে বলে ইজারাদার সূত্রে দাবি করা হয়, গত ২৫ আগস্ট লৌহজং-এ আয়োজিত এক ঈদপূর্ব প্রস্তুতি সভায় স্পিড-বোট মালিক ও ইজারাদাররা ঈদের সময় ভাড়া বাড়িয়ে একশ’ ৩০ টাকার জায়গায় একশ’ ৮০ টাকা করার দাবি জানালে অনানুষ্ঠানিকভাবে তা অনুমোদন করে প্রশাসন।
এ ব্যাপারে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনির হোসেন জানান, ‘বেশি ভাড়া আদায় করার কথা না। কারণ, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। হয়তো ম্যাজিষ্ট্রেট এর অনুপস্থিতিতে বেশি ভাড়া নেওয়া হয়েছে।“








