নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার চলছে। এভাবে মাছ ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বনবিভাগ। শুক্রবার (২৯ সেপ্টম্বর) ভোররাতে বনের মরাপশুর খালে মাছ শিকারের সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি নৌকা ও মাছ শিকারে ব্যবহৃত বিষও জব্দ করা হয়েছে।
আটক জেলেরা হলেন,মংলার বুড়বুরিয়া গ্রামের আলী আজম (৪০),শুকুর আলী মুসল্লী (৩৫) ও নুরুল আমিন (৩০)।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর ক্যাম্প ইনচার্জ মোশরেফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান,সুন্দরবনের চিহ্নিত ১৮টি খালে মাছ ধরা ও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভেঙে এসব খালে প্রবেশ করে যেসব জেলেরা অবৈধভাবে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে। তাই শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মরাপশুর নিষিদ্ধ খালে মাছ শিকারের সময় হাতেনাতে ৩ জেলেকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে বন আইনে পিওআর মামলা দায়েরের পর সকালে খুলনা কারাগারে পাঠানো হয়েছে।







