মংলার পশুর নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার জাটকা ইলিশ এবং কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রবিবার (১ অক্টোবর) সকালে এসব জব্দ করে কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিমজোন (মংলা সদর দফতর) অপারেশন কর্মকর্তা লে. এম এইচ আই সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।
এক প্রেসবার্তায় কোস্টগার্ড জানায়, আজ থেকে টানা ২২দিন মা ইলিশ রক্ষায় সব ধরনের ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। তাই তারা মংলার পশুর নদীতে অভিযান চালায়। এ সময় নদীর মংলা নালা ও লাউডোব ঘাট সংলগ্ন এলাকা থেকে ১০০ কেজি জাটকা এবং এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেন তারা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। পরে আটককৃত জাল ও মাছ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মৎস্য অফিসার ফেরদাউস আনসারীর উপস্থিতিতে ধ্বংস করা হয়।
কোস্টগার্ড জানায়, ধ্বংস করা জাল ও মাছের বাজার মূল্য ৫০ লাখ টাকা। মা ইলিশ রক্ষা এবং সুন্দরবন সংলগ্ন নদী-নালা, বন্যপ্রাণী রক্ষা ও জেলেদের নিরাপত্তার জন্য কোস্টগার্ড এ অভিযান অব্যাহত রাখবে।








