খুলনার রূপসা উপজেলার কচাতলা এলাকায় মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চলাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ২ পুলিশ সদস্য। এর মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় রবিউল ইসলাম নামে এক এএসআই গুরুতর আহত হয়েছেন। এছাড়া মাদক বিক্রেতাদের হাতে জিম্মি থাকা এসআই সাইফুল ইসলামকে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বদিউজ্জামান জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের কচাতলা নামক স্থানে গাঁজা বিক্রেতাদের ধরতে অভিযান চালায় পুটিমারী ফাঁড়ির পুলিশ। এসময় এএসআই রবিউল ইসলামের ওপর হামলা করে মাদক বিক্রেতারা। তারা রবিউলকে বেধড়ক পিটিয়ে জখম করে এবং সঙ্গে থাকা এসআই সাইফুল ইসলামকে আটকে রাখে তারা। পরে স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসআই সাইফুলকে উদ্ধার করে পুলিশ।
এসআই সাইফুল বলেন, ‘মাদক বিক্রেতারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাকে বেশ কিছু সময় তারা আটকে রেখেছিল।’







