নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ‘সবার হাতে যখন স্মার্ট কার্ড পৌঁছে দিতে পারবো তারপর থেকে শুধু স্মার্ট কার্ডই হবে একমাত্র গ্রহণযোগ্য পরিচয়পত্র। কোনও এক সময় আমরা সার্কুলেশন দিয়ে দেবো যে লেমিনেটেড কার্ড যেন আর গ্রহণযোগ্য না হয়।’
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল ৫টায় বাগেরহাট পৌর চত্বরে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন ইসি।
তিনি আরও বলেন, ‘যদি কারও স্মার্ট কার্ডের ভুল সংশোধনের প্রয়োজন হয় তাহলে তাকে আগে যেটা লেমিনেটেড কার্ড ছিল, সেটাকে আমরা প্রভেশনাল কার্ড হিসেবে তাদের দেবো। সেটা টেম্পরারি কার্ড হিসেবে বিবেচিত হবে। যেহেতু এখন আমরা স্মার্ট কার্ড দিচ্ছি।’
তিনি জানান, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট অপারেটরদের কারণে স্মার্ট কার্ডে যদি কোনও ভুল ত্রুটি হয় তাহলে সেটা বিনা খরচে সংশোধন করে দেওয়া হবে। তবে স্মার্ট কার্ডে নাগরিকদের নিজস্ব ভুল সংশোধন করতে নির্দিষ্ট পরিমাণ ফি লাগবে।
আগামী সংসদ নির্বাচনের বিষয়ে ইসি বলেন, ‘আমরা একটা কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সবাইকে জানানো হচ্ছে। সময় মতো সংসদ নির্বাচন হবে।’
এর আগে তিনি বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও দৈনিক বাস্তবতা পত্রিকার প্রকাশক এম.এ মান্নান তালুকদারের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।
এ সময় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন, উপ সচিব মোস্তফা ফারুক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, আসমা আজাদসহ দুই শতাধিক স্মার্ট কার্ড প্রার্থী উপস্থিত ছিলেন।








