প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড সামগ্রিক উন্নয়ন বলে মন্তব্য করেছেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উন্নয়ন মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়। তার কাছে উন্নয়নের মানে হলো জাতির শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়নের উন্নয়ন, সংস্কৃতির উন্নয়ন, শিল্পের উন্নয়ন, কৃষির উন্নয়ন, মেধা-মননের বিকাশ ও উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়ন।’
রবিবার (২৪ ডিসেম্বর) যশোর মুনশি মেহেরুল্লাহ ময়দানে যুবলীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতা ওমর ফারুক এসব কথা বলেন। আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর যশোর আগমনকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়।
সভায় ওমর ফারুক বলেন, ‘জনগণের ক্ষমতায়নের মূল কথা হলো সিদ্ধান্ত গ্রহণের মূল কেন্দ্রে থাকবে জনগণ। এ কথা মাথায় রেখ জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি শান্তিময় প্রগতিশীল দেশ গড়ে তোলার চেষ্টা হচ্ছে। জনগণের ক্ষমতায়নের ফলে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে।’
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যুবলীগ নেতা মাহবুর রহমান হিরণ, জেলা সেক্রেটারি জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ।








