চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে ফরিদ ফকির (২৯) নামে এক যুবককে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। প্রায় ২ বছর কারাভোগের পর রবিবার দুপুর ১২টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক শেষে তাকে ফেরত দেওয়া হয়। ফরিদ ফকির গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের আব্দুস সাত্তার ফকিরের ছেলে।
দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ এস আই মাহবুবুর রহমান জানান, ২০১৬ সালের ২০ জানুয়ারি সকালে ফরিদ ফকির দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে। এরপর বিএসএফের সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে আদালত তাকে বিরামপুর সেন্ট্রাল কারাগারে পাঠায়। প্রায় দুই বছর কারাভোগের পর রবিবার তাকে ফেরত দিয়েছে বিএসএফ।
এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ শেখ মাহবুবুর রহমান, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জেল হোসেন, হাবিলদার হাবিব এবং ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি ভগত সিং, চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা এস আই প্রধান সিং ও এস আই রাতুল কুমার প্রমুখ।
দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদ ফকিরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চকরিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১








