খুলনায় এসএসসি পরীক্ষার্থী খলিলুর রহমান সিয়াম (১৬) হত্যাকাণ্ডে ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের পর তা নিষ্পত্তির নামে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে সিয়ামকে হত্যা করা হয়। এ ঘটনায় সিয়ামের বাবা আয়নাল হক ১০ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার ওই চার জনই এজাহারভুক্ত। অন্যদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে।
গ্রেফতার ওই চার জন হলো- রায়হান, রাব্বি, আবু সাঈদ ওরফে ছোট, আল আমিন রনি ওরফে ছোট রনি। প্রত্যেকের বয়স ১৬-১৭ বছর।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ হয়। সন্ধ্যায় বন্ধুরা বিরোধ মীমাংসার নাম করে সিয়ামকে ডেকে নেয়। সেখানে কথা বার্তার একপর্যায়ে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর সিয়ামের মৃত্যু হয়। রাতে সিয়ামে বাবা ১০ জনের নামে একটি অভিযোগ দেন। যা নথিভুক্ত করা হয়। এরপর পশ্চিম বানিয়াখামার ও হোগলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ তথ্য স্বীকার করেছে।
ওসি আরও জানান, বন্ধুদের সঙ্গে বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে সিয়াম হত্যার বিচার দাবিতে রূপসা বহুমুখি বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ২ জানুয়ারি রূপসায় স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর আহ্বানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খলিলুর রহমান সিয়ামকে ধারালো অস্ত্র দিয়ে পায়ে, হাতে এবং ঘাড়ে কুপিয়ে জখম করা হয়। তাকে বেদম প্রহারও করা হয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২০ মিনিটে সিয়ামের মৃত্যু হয়।








