ঝিনাইদহের কালীগঞ্জে আবুল খায়ের ওরফে এরেন আলী (৪৫) নামে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার আবুল খায়ের কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে।
ওসি জানান, গোপন সংবাদ পেয়ে শনিবার দিবাগত রাত ২ টার দিকে এরেন আলীকে গ্রেফতার করে পুলিশ । সে মাদক মামলার পলাতক আসামি। গত ৩১ আগস্ট তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন আদালত। রায়ের পর থেকে আবুল খায়ের ওরফে এরেন আলী পলাতক ছিল।
ওসি আরও জানান, রবিবার দুপুরে তাকে ঝিনাইদহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।








