ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যাদব সরকারের মোবাইল নম্বর ক্লোন করে ১১টি ইউনিয়ন ভূমি অফিসের নায়েবদের কাছে টাকা দাবি করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকালে এসিল্যান্ডের নম্বরটি ক্লোন করে টাকা দাবি করা হয়।
কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সকালে এসিল্যান্ড স্যারের নম্বর থেকে আমার কাছে ফোন আসে। আমাকে বলা হয়, স্যারের ভাই অসুস্থ্। কিছু টাকা লাগবে। জরুরি কিছু টাকা একটি নম্বরে বিকাশ করতে।’
এভাবে ১১টি ইউনিয়ন ভূমি অফিসের নায়েবদের কাছে এসিল্যান্ডের নম্বর থেকে টাকা চাওয়া হয়। পরে বিষয়টি সন্দেহ হলে নায়েবরা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ডের কাছে ফোন করে জানতে পারেন— এসিল্যান্ড তাদের কাছে কোন ফোনই করেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যাদব সরকার বলেন, ‘আমার নম্বর থেকে ১১টি ইউনিয়ন ভূমি অফিসের নায়েবদের কাছে কে বা কারা ফোন করে টাকা দাবি করে। নায়েবদের বলা হয়েছে, আমার ভাই অসুস্থ। জরুরিভাবে টাকা পাঠাতে। কিন্তু সেই নম্বরের কোড +৮৮ দিয়ে শুরু হয়নি। আমার নম্বরটি ক্লোন করা হয়েছে।’ এসিল্যান্ড জানান, এ ঘটনায় থানায় একটি জিডি করা হবে।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, এ ঘটনায় এসিল্যান্ড এখনও থানায় কোনও জিডি করেননি। জিডি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







