সাতক্ষীরায় বিশেষ অভিযানে বিএনপি, জামায়াত ও শিবিরের ৩৭ নেতাকর্মীসহ ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা সদর থানা পুলিশের পক্ষ থেকে সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা ঈদগাহ মাঠে বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের গোপন বৈঠক চলছিল। এ সময় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল আজিজ (৪৫), বিল্লাল হোসেন (৩০), রফিকুল ইসলাম (৬১), আব্দুল ওয়াদুদ (৪৪), সামছুল আলম (৫৪) আব্দুল আজিজ (৩৫), শহিদুল ইসলাম (৫৩), আজগর আলী (৩৫), মোশারফ হোসেন (৪৬), ফজর আলী (৫২), হাসান মাহমুদ বাচ্চু (৩৫) ও আছানুর জামান (৩২)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, জামায়াত-শিবির ও বিএনপির ৫০-৬০ জন নেতাকর্মী ইটাগাছা ঈদগাহ মাঠে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।
এদিকে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার সাত ৮ থানায় অভিযান চালিয়ে আরও ২৫ বিএনপি, জামায়াত ও শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে- সাতক্ষীরা সদর থানায় ১৫, কলারোয়া থানায় ৯, তালা থানায় ৩, কালিগঞ্জে ৭, শ্যামনগরে ৫, আশাশুনি থানায় ৮ জন, দেবহাটায় ৪, পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।








