জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সাজা ঘোষণার পরপরই যশোরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিএনপি কার্যালয়সহ শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সরকারি স্থাপনার সামনে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যদের সর্তক অবস্থায় রাখা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যশোর জেলায় মোট ১৫শ’ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কেবল যশোর শহরে ৭শ’ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তারা যেকোনও পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।
যশোর বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন প্লাটুন বিজিবি সদস্য মাঠে রয়েছে। যারা শহরজুড়ে টহল দিচ্ছে। প্রয়োজন হলে বিজিবি সদস্যরা বিভিন্ন উপজেলাতেও অভিযানে যাবে। প্রতি প্লাটুনে ২০জন করে বিজিবি সদস্য রয়েছেন। এছাড়া তিন প্লাটুন র্যাব সদস্য শহরে সর্তক অবস্থায় রয়েছে। এর বাইরে যশোর র্যাব ক্যাম্পে রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাব যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর জিয়া। তিনি জানান, প্রতি প্লাটুনে ১৫জন করে র্যাব সদস্য রয়েছেন।








